২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
৬ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীতে এনসিটিবির প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ বিষয়টি জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, পাঠ্যবই মুদ্রণের দরপত্রে এনসিটিবির প্রাক্কলিত দর আগেই ঠিকাদারদের কাছে ফাঁস করার অভিযোগ রয়েছে। পরে সেই দর বাড়িয়ে ঠিকাদারদের মধ্যে যোগসাজশ ও সমঝোতার মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
দুদকের আশঙ্কা, এ ধরনের অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি হতে পারে।
অভিযানে দরপত্রসংক্রান্ত বিভিন্ন নথি, প্রাক্কলিত দর নির্ধারণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

