কয়েক মাসের সাংবাদিকতায় প্রেসক্লাব সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই তার প্রেসক্লাবের শীর্ষ পদে আসা নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

৩ অক্টোবর (শনিবার) বিকালে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক সভা শেষে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হন আতিকুর রহমান সাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক সমকালের সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, আতিকুর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক। চলতি বছরের মে মাসে একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্যের দাবি, বিভক্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং ভুয়া সাংবাদিক ও কার্ডধারী চাঁদাবাজদের দৌরাত্ম্য ঠেকাতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে জামালপুরের সাংবাদিক নেতারা সক্রিয় রাজনৈতিক নেতার প্রেসক্লাবের দায়িত্ব নেওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, এতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ নিউজ