স্কুলে শাসন করায় শিক্ষককে রাস্তায় পিটিয়ে আহত, সপ্তম শ্রেণির ছাত্র বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বগুড়ায় স্কুলে শাসন করায় ক্ষুব্ধ হয়ে এক শরীরচর্চা শিক্ষককে রাস্তায় দাঁড় করিয়ে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতিও চলছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক রায়হান ইসলাম বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রায়হান ইসলাম। এপিবিএনের সামনে পৌঁছালে গাছের ডাল হাতে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষার্থী তাকে থামতে বলে। শিক্ষক মোটরসাইকেল থামানোর পর হঠাৎ তার মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ।

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, আঘাতে রায়হান ইসলামের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। তার ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিষয়টি আইনগতভাবে মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, স্কুলে শৃঙ্খলা ভঙ্গের কারণে শিক্ষক রায়হান ইসলাম ওই শিক্ষার্থীকে শাসন করেছিলেন। এর জের ধরেই ছুটির পর হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ নিউজ