অবাধ্যতার অভিযোগে বিজ্ঞাপন দিয়ে কন্যাকে ‘ত্যাজ্য’ ঘোষণা বাবা-মায়ের

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

অবাধ্য আচরণ ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ তুলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে নিজের কন্যাকে ‘ত্যাজ্য’ ঘোষণা করেছেন মো. রেজাউল করিম ও পাপিয়া আক্তার নামে এক দম্পতি। একই সঙ্গে মেয়ের সঙ্গে সব ধরনের পারিবারিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ত্যাজ্য ঘোষণা’ শিরোনামের একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বাবা-মা তাদের কন্যার নাম তাহসিন করিম রাহি বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, মেয়েটি দীর্ঘদিন ধরে তাদের অবাধ্য হয়ে নিজের ইচ্ছামতো চলাফেরা করছেন এবং এতে পরিবারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাকে একাধিকবার সতর্ক করার পরও আচরণে পরিবর্তন আসেনি বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

বাবা-মায়ের ভাষ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে গত ৩০ সেপ্টেম্বর তারা সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হয়ে একটি হলফনামার মাধ্যমে মেয়েকে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও পারিবারিক সম্পর্ক থেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে তাদের জীবনদ্দশায় কিংবা মৃত্যুর পর ওই কন্যা তাদের কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা বা উত্তরাধিকার দাবি করতে পারবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন।

একই সঙ্গে মেয়ের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক না রাখার জন্য আত্মীয়স্বজন ও পরিচিতজনদের অনুরোধ করেছেন মো. রেজাউল করিম ও পাপিয়া আক্তার।

তবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত অভিযোগগুলো বাবা-মায়ের নিজস্ব বক্তব্য। কন্যার বক্তব্য বা অভিযোগগুলোর বিষয়ে তার অবস্থান বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সর্বশেষ নিউজ