মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিবচর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ শিবচর থানা ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে নদীতে মাছ ধরার সময় ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় পদ্মা নদী থেকে প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের অংশ হিসেবে পদ্মার চরাঞ্চলভুক্ত বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা বাজারে গড়ে ওঠা অস্থায়ী ইলিশের হাট ও দোকানপাটও উচ্ছেদ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও জেলেদের নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, মা ইলিশ সুরক্ষায় পদ্মা নদীতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ ধরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

