নওগাঁ থেকে রাজশাহীতে নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সার জব্দ

নওগাঁ প্রতিনিধি
spot_img
spot_img

নওগাঁ সদর উপজেলা থেকে রাজশাহীতে নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সারসহ দুটি নছিমন-ভটভটি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এর আগে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা সারবোঝাই গাড়ি দুটি আটকে দেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করে।

স্থানীয়দের অভিযোগ, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট মেসার্স মোল্লা ট্রেডার্সের গুদাম থেকে দুটি নছিমন-ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার তোলা হয়। পরে গাড়ি দুটি রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। হাপানিয়া সড়কের মুখে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা অসংলগ্ন কথা বললেও পরে সারগুলো রাজশাহীতে নেওয়া হচ্ছিল বলে জানান।

খবর পেয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মামুন ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ স্থানীয়দের তোপের মুখে পড়েন। স্থানীয়দের দাবি, তিনি প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে সারের মেমো তৈরি করে গাড়ি দুটি ছেড়ে দেওয়ার কথা জানান। তবে সার কোথায় বা কার কাছে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সর্বশেষ নিউজ