চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৮ হাজার ৩২৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি চার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করে পরে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
নৌ পুলিশ জানায়, গ্রেফতার পাঁচ জেলের কাছ থেকে ৩২৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া নদীতে মালিকবিহীন অবস্থায় পেতে রাখা আরও ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ১০ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়। পরে এসব মাছ অসহায় ও দুস্থ মানুষের পাশাপাশি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
নৌ পুলিশ আরও জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল পৌনে ৮টা পর্যন্ত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের পৃথক ধারায় পাঁচটি মামলার কার্যক্রম চলছে।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা চলাকালে নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

