চট্টগ্রাম বন্দরে ডিজেল পাচারের ঘটনায় দুই কর্মচারী বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

চট্টগ্রাম বন্দর থেকে ডিজেল পাচারের অভিযোগে যান্ত্রিক বিভাগের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার কারণ, দায়দায়িত্ব ও আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্ত দুই কর্মচারী হলেন ভাণ্ডার রক্ষক মাহমুদুর রহমান মান্না ও সিনিয়র স্টোরম্যান সঞ্জয় কুমার দে।

বন্দর সূত্র জানায়, গত ১৫ অক্টোবর যমুনা অয়েল থেকে চট্টগ্রাম বন্দরের জোনাল ওয়ার্কশপ-ডির জন্য ১৮ হাজার লিটার ডিজেল নেওয়া হয়। এর মধ্যে ১৩ হাজার ৭৪৪ লিটার ওয়ার্কশপের ফুয়েল ট্যাংকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, বাকি ৪ হাজার ২৫৬ লিটার ডিজেল পাচারের উদ্দেশ্যে জেটির সংরক্ষিত এলাকা থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় বন্দরে নিয়োজিত নৌবাহিনীর গোয়েন্দা দল ডিজেল জব্দ করে।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ