মৌলভীবাজারে চুরির ঘটনায় গ্রেপ্তার ৬, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ২ ভরি ১১ আনা ৯ রতি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন এবং চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর দিবাগত রাতে বড়লেখার দক্ষিণভাগ এলাকার সিএনজিচালক জসিম উদ্দিন ঘরে তালা দিয়ে গ্যাস নিতে বাইরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা পেছনের জানালার সিটকিনি খুলে ঘরে প্রবেশ করে। পরে ওয়ারড্রবে রাখা তাঁর ভাবির স্বর্ণের গলার হার, কানের দুল ও দুটি মুঠোফোন চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় ১৯ অক্টোবর বড়লেখা থানায় মামলা করা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় মঙ্গলবার (২০ অক্টোবর) দক্ষিণভাগ এলাকা থেকে জিল্লুর মিয়া (২৬), মনির হোসেন (৩৩) ও আব্দুল আহাদকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পারভেজ আহমদ (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া দুটি মুঠোফোন ও স্বর্ণ বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী অভিযানে জুড়ী থানা এলাকা থেকে সুমন আহমদ (৩৮) এবং সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘিরপাড়ের রহমান ম্যানশনে অবস্থিত পুষ্পা জুয়েলার্সের একটি দোকান থেকে সাইদুর রহমানকে (২৩) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সাইদুরের হেফাজত থেকে চুরি যাওয়া দুটি কানের দুল ও একটি স্বর্ণের গলার হার উদ্ধার করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার (২১ অক্টোবর) গ্রেপ্তার ছয়জনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ নিউজ