ফিটনেসবিহীন যানবাহন, চালকের শারীরিক অসুস্থতা, অতিরিক্ত গতি এবং দায়িত্বহীনতার কারণে দেশের সড়কে প্রাণহানি অব্যাহত রয়েছে। নাটোরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু এবং ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা আবারও সড়ক নিরাপত্তার প্রশ্ন সামনে এনেছে।
সড়ক দুর্ঘটনার পেছনে শুধু চালকের ভুল নয়, যানবাহনের ফিটনেস, চালকের কর্মঘণ্টা, প্রশিক্ষণ, মহাসড়কে ধীরগতির যান এবং যথাযথ নজরদারির ঘাটতিকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা।
অনেক ক্ষেত্রে যানবাহনের কাগজপত্র ও ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গেলেও সেগুলো চলাচল করছে। পাশাপাশি অসুস্থ বা ক্লান্ত চালকের হাতে দীর্ঘ সময় গাড়ি চালানোর অভিযোগও রয়েছে।
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ফিটনেস পরীক্ষা এবং পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষার কার্যকর ব্যবস্থা ছাড়া পরিস্থিতি বদলানো কঠিন।

