কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রঞন শেষে চলছে গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কুমিল্লায় এগিয়ে রয়েছেন এমপি বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা। আর ময়মনসিংহে এগিয়ে রয়েছেন বর্তমান মেয়র ইকরামুল হক টিটু।
শনিবার (৯ মার্চ) দিনভর ইভিএমে ভোট শেষে ফলাফল ঘোষণা শুরু করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে ৯০ আসনের ঘোষিত ফলাফলে বাস প্রতীকের তাহসিন বাহার সূচনা অনেকটা এগিয়ে আছেন।
অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ কেন্দ্রের ফলাফলে ঘড়ি প্রতীকের ইকরামুল হক টিটু অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছেন।
কুমিল্লার ফলাফল ঘোষণা করা হচ্ছে জিলা স্কুল মিলনায়তন থেকে। আর ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে।
সবশেষ কুমিল্লার ১০৫টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছে ৩৯ হাজার ৭৩২ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট।
অপরদিকে ময়মনসিংহের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফল ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৯২ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু ৬ হাজার ৬৫৬ ভোট।

