সাভারে তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

সাভারে তেলের ট্যাংকার উল্টে আগুন লেগে চারটি ট্রাক ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। এঘটনায় একজন নিহত ও সাতজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম নজরুল ইসলাম (৪৫)। তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো মেলেনি। আর দগ্ধরা হলেন- আ. সালাম (৩৫), মিলন মোল্লা (২০), আল-আমিন (৩০), নিরাঞ্জন (৪৫), মিম (১০) ও বাকিদের নাম জানা যায়নি।

দগ্ধ প্রাইভেট কারচালক আব্দুস সালাম জানান, হেমায়েতপুরে সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে ফিরছিলেন তিনি। তবে জোড়পুল এলাকায় একটি তেলের ট্যাংকার দুর্ঘটনায় রাস্তার ওপর উল্টে ছিল। সেটির কারণে পাশ দিয়ে অন্যসব গাড়ি ধীরগতিতে পার হচ্ছিল। আর রাস্তায় ওই ট্যাংকার থেকে তেল গড়িয়ে পড়ছিল। তখন হঠাৎ সেখানে আগুন ধরে যায়। এতে ট্যাংকারের আশপাশে থাকা অনেকগুলো গাড়িতে আগুন লেগে যায়।

এসময় প্রাইভেটকারটিতেও আগুন ধরে যায়, তখন তিনি দৌড়ে গাড়ি থেকে বেরিয়ে যান। তবে এর আগেই তার মাথার একপাশে ও পা পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় তার প্রাইভেটকারে কোন যাত্রী ছিল না।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মহাসড়কে যান চলাচল বন্ধ। এঘটনায় নিহত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় এখনো মেলেনি। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

সর্বশেষ নিউজ