দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের ওপর পূর্ণ আস্থার কথা জানালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
রোববার (২৫ মে) নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে আসিফ আকবর লেখেন, দেশের এই আপৎকালীন সময়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহম্মদ ইউনুস স্যারেই আস্থা। সামনে আছে অপার ভবিষ্যৎ এবং সম্ভাবনা। সব দেশপ্রেম অবশ্যই এক মোহনায় মিলবে, নতুন বাংলাদেশের স্বপ্ন বৃথা যেতে দেয়া যাবে না, জুলাই বিপ্লব ব্যর্থ হবে না ইনশাআল্লাহ্…ভালবাসা অবিরাম…
পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করেছেন আসিফ, যেখানে এক ফ্রেমে দেখা গেছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ এবং ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। ছবিতে তিনজনই হাস্যোজ্জ্বল।
এই প্রসঙ্গে আসিফ লেখেন, অধ্যাপক আলী রীয়াজ স্যার, সম্মানিত প্রধান সংবিধান সংস্কার কমিশন। সুদর্শন এবং অভিজ্ঞ জাতীয়তাবাদী রাজনৈতিক জনাব সালাহউদ্দীন আহমেদ ভাই। মহান জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তরুণ তুর্কী। ছবিটা ইতিবাচক মনে হলো, চোখের শান্তি।”
উল্লেখ্য, কিছুদিন আগেই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না করানোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ায়। এ ঘটনায় ছাত্র উপদেষ্টা সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। সেই প্রেক্ষাপটেই এই তিনজনের একসঙ্গে ছবি আসার বিষয়টি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন আসিফ আকবর।
তিনি তার পোস্টে সব রাজনৈতিক শক্তিকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান।

