জামিনে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না বলে গণমাধ্যমকে আগেই নিশ্চিত করেছিলেন তার আইনজীবী।

গত ৬ সেপ্টেম্বর (রোববার) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিকের জামিনের আদেশ দেন। এই আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর এবং জামিনের আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তিনি কারামুক্ত হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর, তা যাচাই-বাছাই করে বিকেল ৫টা ১২ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।

রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়ার পর বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। এই সাজা পরোয়ানা থাকায় গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে সাজা প্রদান করেন। রায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। এই রায়ের পর উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদনের প্রেক্ষিতে অবশেষে মুক্তি পেলেন তিনি।

সর্বশেষ নিউজ