ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন, ৬ নতুন উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

অগ্রণী ব্যাংক পিএলসি. ফরিদপুর অঞ্চলাধীন শাখাসমূহের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা বিষয়ে ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ শনিবার (১২ সেপ্টেম্বর) ফরিদপুর সার্কেল সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি. ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক ও সার্কেল প্রধান জনাব সুপ্রভা সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সার্কেলের উপমহাব্যবস্থাপক জনাব সাবিনা সুলতানা। ফরিদপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ফরিদপুর অঞ্চলের সব শাখার ব্যবসায়িক অগ্রগতির বিভিন্ন সূচক নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে সিএমএসএমই ও রি-ফাইন্যান্স স্কিমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে ৬ জন নতুন সিএমএসএমই উদ্যোক্তার মধ্যে ঋণ বিতরণ করা হয়, যাদের মধ্যে ৪ জন নারী উদ্যোক্তা। এ সময় অন্যান্য উদ্যোক্তারাও অগ্রণী ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া নারী উদ্যোক্তাসহ আরও ১০ জন উদ্যোক্তা অগ্রণী ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সম্মেলনে প্রধান অতিথি জনাব সুপ্রভা সাঈদ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ফরিদপুর অঞ্চলের শাখাগুলোকে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন। পাশাপাশি শাখা ব্যবস্থাপকদের নিজ নিজ শাখার ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগানো, গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে গতি বাড়ানোর আহ্বান জানান।

এছাড়াও সরকারের অগ্রাধিকার খাতভুক্ত সিএমএসএমই খাতে নতুন উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ আদায়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে ফরিদপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ আঞ্চলিক কার্যালয় ও সার্কেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ নিউজ