বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শুন্য হয়। সেই শুন্য আসনে উপনির্বাচন হতে যাচ্ছে।
এ আসনে ২৯ অক্টোবর ভোট হবে।
এ নির্বাচনের প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনসহ তিনজন। অপর দুই মনোনয়নপ্রত্যাশী হলেন—ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী।
আজ ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিন প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পূরণ করা ফরম জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় মনোনয়ন বোর্ড সভা চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।
তিন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়রও।
ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী জেলা বিএনপির সহসভাপতি। মাসুদ ছাত্রদলের সাবেক নেতা। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সুলতানুল ফেরদৌস চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।
