জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনতার দাবি মেনে নেওয়া না হলে বর্তমান আট দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বর্তমানে আট দফা দাবি রয়েছে। এটি নয় বা ১০ দফায়ও রূপ নিতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় তা এক দফায় পরিণত হতে পারে। এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিতে হবে। দাবি মানতে ব্যর্থ হলে কোনো ধরনের চাপ বা হুমকি কাজে আসবে না।
জামায়াত আমির আরও বলেন, তারা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামেননি। ১১ দলের সঙ্গে দেশের জনগণের দাবি আদায়ের জন্যই তারা মাঠে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
