রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে অতিরিক্ত সার্ভিস চার্জের নামে ‘নীরব চাঁদাবাজি’ চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ।
জাগো নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক মার্কেটে প্রকৃত পরিচালনা ব্যয়ের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি সার্ভিস চার্জ আদায় করা হচ্ছে, যা পরিশোধ করতে গিয়ে ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন।
নাজমুল হাসান মাহমুদ জানান, শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি, টুইন টাওয়ারসহ অনেক বড় মার্কেটে বিক্রি কমে যাওয়া, বিদ্যুৎ বিল বকেয়া থাকা এবং অস্বাভাবিক সার্ভিস চার্জের চাপে দোকান বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আগে যেখানে প্রতি বর্গফুটে সার্ভিস চার্জ ৫ টাকা ছিল, তা বাড়িয়ে এখন কোথাও কোথাও ২০ টাকা পর্যন্ত করা হয়েছে। নামধারী সমিতির নেতাদের প্রভাবে এই অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তার বিপরীতে মার্কেটগুলোতে প্রয়োজনীয় সেবার মান মিলছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাবের কারণে অনেক মার্কেটে নিয়মিত নির্বাচন হয় না এবং এই সুযোগে একটি চক্র দোকানমালিক ও ভাড়াটিয়াদের জিম্মি করে অতিরিক্ত অর্থ তুলছে। ফুটপাতের হকারদের অবাধ দৌরাত্ম্য, উচ্চ ভ্যাট-ট্যাক্সের জটিলতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এসএমই খাতের সুবিধা না পাওয়ার কারণে সাধারণ ব্যবসায়ীদের পুঁজি ক্রমেই শেষ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে নির্বাচিত কমিটি দ্বারা মার্কেট পরিচালনা এবং সার্ভিস চার্জের নামে হয়রানি বন্ধের দাবি জানান তিনি।

