উন্নত বিশ্বের বাজারে ফল ও সবজি রপ্তানি বাড়াতে ঢাকার শ্যামপুরে প্রায় ১৫৮ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি ও প্যাকিং হাউজ গড়ে তোলা হলেও চরম জনবল সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত ‘উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর’ প্রকল্পের ভৌত কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হলেও কোনো স্থায়ী জনবল না থাকায় সরকারের কাঙ্ক্ষিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাক্রিডিটেড ল্যাবরেটরির মাধ্যমে যাচাই-বাছাই ও গুণগত সনদ নিশ্চিত করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ফল-সবজি রপ্তানি ২৫ থেকে ৩০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা ছিল। বর্তমানে ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে পেয়ারা, লেবু, শিম, লাউ এবং আমসহ শতাধিক কৃষিপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। অথচ কোনো স্থায়ী কর্মকর্তা-কর্মচারী না থাকায় বর্তমানে মাত্র ১৩ জন প্যাকিং কর্মকর্তা ও ৩২ জন ল্যাব কর্মী দিয়ে সাময়িকভাবে কাজ চালানো হচ্ছে। এই স্বল্প জনবল দিয়েই ২০২৫-২৬ অর্থবছরে ইউরোপের কয়েকটি দেশে মোট পাঁচ হাজার ২০০ টন ফল ও সবজি (যার মধ্যে এক হাজার টন আম) রপ্তানি করা সম্ভব হয়েছে।
প্রকল্প পরিচালকদের মতে, পর্যাপ্ত ও প্রশিক্ষিত স্থায়ী জনবল ছাড়া আন্তর্জাতিক ল্যাবগুলোর পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা অসম্ভব। এ পরিস্থিতি মোকাবিলায় ল্যাবভিত্তিক বিশেষায়িত ৮৯ জন স্থায়ী জনবল নিয়োগ চেয়ে অর্থ বিভাগে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া যন্ত্রপাতি ও অবকাঠামো উন্নয়ন শেষ পর্যায়ে থাকলেও আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন সনদ (ISO) অর্জন এবং প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের কাজ শেষ করতে ব্যয় বৃদ্ধি ছাড়াই আরও এক বছর সময় বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ না দিলে বিশাল এ সরকারি উদ্যোগ ও রপ্তানি সম্ভাবনা স্থবির হয়ে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

