দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা বিতরণের যোগ্যতা ও প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, দুস্থ ও অতিদরিদ্র হিসেবে বিবেচিত হতে নির্ধারিত ১২টি মানদণ্ডের মধ্যে অন্তত চারটি শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি খাদ্য সহায়তা, ঢেউটিন, শীতবস্ত্র ও নগদ অর্থের পরিমাণ নির্দিষ্ট করার পাশাপাশি বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে বিতরণ শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ শিরোনামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত ১২ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এবং ১০ নভেম্বর তা গেজেটে প্রকাশিত হয়। ২০১২-১৩ সালের পুরোনো নির্দেশিকা হালনাগাদ করে এটি প্রণয়ন করা হয়েছে।
নির্দেশিকার মূল দিকসমূহ:
-
যোগ্যতা ও ১২ মানদণ্ড: স্বাভাবিক সময়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, সাময়িক খাদ্য সংকটে পড়া জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিকের শিক্ষার্থী, অসচ্ছল ধর্মীয় জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত পরিবার এ সহায়তা পাবে। দুস্থতা যাচাইয়ে ১২টি শর্তের মধ্যে অন্তত চারটি পূরণ করতে হবে—যার মধ্যে রয়েছে জমি বা কৃষিজমি না থাকা, দিনমজুর বা নারী শ্রম/ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীলতা, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ না থাকা, শিশুকে কাজে পাঠাতে বাধ্য হওয়া, স্থায়ী আয়ের সম্পদ না থাকা, অসচ্ছল বিধবা/তালাকপ্রাপ্তা/স্বামী পরিত্যক্তা নারী, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা পরিবার, প্রতিবন্ধী সদস্য থাকা, অন্য নিয়মিত সরকারি ভাতার স্থায়ী সুবিধাভোগী না হওয়া, দুর্যোগে চরম সংকট এবং বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার না জোটা।
-
খাদ্য, শিশুখাদ্য, পশুখাদ্য ও শীতবস্ত্র: ভিজিএফে পরিবারপ্রতি সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম দেওয়া যাবে; মহামারিতে সাময়িক কর্মহীন হলে মাসে ২০–৩০ কেজি চাল/গম অথবা ২,০০০–৫,০০০ টাকা সহায়তা রাখা হয়েছে। অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক শিক্ষার্থীদের দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন বা ১০০ গ্রাম সয়া দুধ দেওয়া যাবে। শিশুখাদ্যে বছরে সর্বোচ্চ ৩,০০০ টাকা এবং গোখাদ্যে বছরে সর্বোচ্চ ২,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শীতবস্ত্রে ব্যক্তি পর্যায়ে একটি কম্বল/চাদর/কমফোর্টার ও পরিবারে সর্বোচ্চ দুটি দেওয়া যাবে; তবে আগের বছর একই সহায়তা পেলে পরের বার তা পাওয়া যাবে না।
-
দুর্যোগে আর্থিক সহায়তা, ঘর ও ঢেউটিন: দুর্যোগে মৃত্যুতে পরিবার সর্বোচ্চ ৫০,০০০ টাকা, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ২৫,০০০ টাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবার সর্বোচ্চ ১০,০০০ টাকা পাবে। ক্ষতিগ্রস্ত অসচ্ছল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে সাধারণভাবে সর্বোচ্চ ২০,০০০ টাকা (বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদনে ৫০,০০০ টাকা পর্যন্ত) দেওয়া যাবে। দুর্যোগে গরু বা মহিষ মারা গেলে সর্বোচ্চ ২৫,০০০ এবং ছাগল বা ভেড়ায় সর্বোচ্চ ৫,০০০ টাকা সহায়তা মিলবে। ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সর্বোচ্চ ৩০,০০০ এবং চরাঞ্চলের মেয়েদের সাইকেলে সর্বোচ্চ ১০,০০০ টাকা দেওয়া যাবে। ঘর মেরামতে সর্বোচ্চ ২০,০০০ ও পুনর্নির্মাণে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং ঢেউটিনের প্রতি বান্ডিলে ৬,০০০ টাকা নগদ সহায়তা (১০ বছরে একবার) রাখা হয়েছে। দুস্থ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্রদের ঘর নির্মাণে সর্বোচ্চ ৬ বান্ডিল ও পুনর্নির্মাণে ৪ বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে; দুর্যোগে ঘর বা দোকান আংশিকে ২ ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে ৩ বান্ডিল (বিশেষ ক্ষেত্রে ৫ বান্ডিল) এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৫ বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে।
-
তালিকা, সময়সীমা, অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল ডাটাবেজ: ওয়ার্ডভিত্তিক কমিটি প্রাথমিক তালিকা তৈরি করবে; ইউনিয়নের তালিকা উপজেলা কমিটি এবং পৌরসভার তালিকা জেলা প্রশাসক অনুমোদন করবেন। বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে বিতরণ শেষ করতে হবে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে পৃথক ব্যবস্থা বা বাড়িতে সহায়তা পৌঁছে দিতে হবে। তালিকা বা বিতরণ নিয়ে আপত্তি থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। স্বচ্ছতা বাড়াতে কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ ও এমআইএস প্রকাশের কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ জানান, মাঠপর্যায়ে সঠিকভাবে যাচাই-বাছাই ও মানদণ্ড অনুসরণের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছানো এবং স্বচ্ছতা নিশ্চিত করাই নতুন নির্দেশিকার মূল লক্ষ্য।

