ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এই তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এর আগে হিরো আলম গণমাধ্যমকে বলেছিলেন, কোনো কারণে আপিল খারিজ হলে হাইকোর্টে রিট করব।
গত ১৮ জুন দুপুরে মনোনয়নপত্র বাতিল হয় হিরো আলমের। ওইদিন হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করার কথা জানান ঢাকা-১৭ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
হিরো আলমের মনোনয়ন বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানিয়েছিলেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই এক শতাংশ ভোটার ও তাদের স্বাক্ষর নিতে পারেননি তিনি। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিস পায়নি। এজন্যই তার মনোনয়ন বাতিল হয়েছে।
(এইদিনএইসময়//২২জুন/তাবী)

