মুসলমানসের ২য় বৃহত্তম ঈদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ঈদযাত্রার ট্রেন চলাচল। ঈদযাত্রার প্রথমদিনে যথাসময়ে ছেড়েছে ট্রেন। সকাল ৬টায় ঈদযাত্রার প্রথম ট্রেন রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে গেছে। এর পর নীলসাগর এক্সপ্রেস ঘরমুখো মানুষকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। যথা সময়ে ট্রেন ছাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।
ঈদযাত্রার প্রথম দিনে আন্তঃনগর ও লোকাল মিলে ৫৩ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। কমলাপুর স্টেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা সেনানিবাস স্টেশন থেকে চলবে তিনজোড়া বিশেষ ট্রেন। গতবারের মতো এবারও টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি যাত্রীকে অনলাইনে কাটা টিকিট দেখিয়ে স্টেশনের ভেতরে যেতে হচ্ছে। একই সঙ্গে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রও সঙ্গে রাখতে হচ্ছে। টিকিট ছাড়া কেউ যাতে ঢুকতে না পারে, সে জন্য স্টেশনে ঢোকার প্রবেশ পথেই বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।
এদিকে যথা সময়ে ট্রেন ছাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের আশা পুরো ঈদযাত্রা এভাবে ভোগান্তি ছাড়াই শেষ হবে। এগারসিন্দুর প্রভাতীর যাত্রী রেজাউল করিম বলেন, সবচেয়ে ভালো দিক যথাসময়ে ট্রেন ছেড়েছে। কম সময়েই বাড়ি পৌঁছাতে পারব।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসনের টিকিট বিক্রি হয়েছে। এবার আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা (কমলাপুর), ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। যেদিন যাত্রা শুধু সেদিনই আসনবিহীন টিকিট কাউন্টারে মিলবে।
গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। সবশেষ ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।
একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। এদিন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের ফিরতি ট্রেনের টিকিট দেওয়া হবে।
এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হচ্ছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে সকাল ৮টা থেকে। আর দুপুর ১২টা থেকে দেওয়া হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।
(এইদিনএইসময়/২৪জুন/তাবী)

