‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হাজির হয়েছেন পবিত্র নগরী মক্কায়। আগামীকাল রোববার (২৪জুন) থেকে ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন।
সৌদি আরবের গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের মূল কার্যক্রম। আগামী ১২ জিলহজ শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে শেষ হবে হজের কার্যক্রম। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজপালন করবেন বলে মনে করা হচ্ছে।
ইসলামের পঞ্চম স্তম্ভ হজপালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ইতোমধ্যে এক লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। আজ শনিবার শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছবেন।
উল্লেখ্য, সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৯ জুন।
(এইদিনএইসময়/২৪জুন/তাবী)

