ঈদুল আজহার দিন ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চলে বৃষ্টি কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
তিনি বলেন, ঈদের দিন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এছাড়া উপকূলীয় তিনটি বিভাগ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম রয়েছে, সেখানে এবং উত্তরের রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি প্রবণতা কম থাকতে পারে।
এই আবহাওয়াবিদ বলেন, মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারির মধ্যেই থাকতে পারে। ঈদের দিন অন্য জায়গায় যেমন একটু রোদ থাকবে, আবার বৃষ্টিও হবে। ঢাকায় রোদ থাকার সম্ভাবনা কম। বৃষ্টির সঙ্গে মেঘলা থাকবে ঢাকার আকাশ।
তিনি আরও বলেন, এখন দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয়। একই সঙ্গে একটি লঘুচাপের প্রভাবও সেখানে রয়েছে। লঘুচাপটি ধীরে ধীরে দূরে সরে যাবে। তাই আগামী দু-তিন দিনে সেখানকার বৃষ্টির প্রবণতাও কমে যাবে।
(এইদিনএইসময়/২৬জুন/এলএ)

