আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। সারাদেশে মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করবেন।
ঈদুল আজহা মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ.), বিবি হাজেরা ও ইসমাঈলের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
ঈদের অন্যতম কর্মকাণ্ড পশু কোরবানি। ঈদুল আজহার পরের দুই দিনও পশু কোরবানি করার বিধান রয়েছে। পশু জবাই করার ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। ইসলামেও কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে পরিচ্ছন্নতা বজায় থাকে এবং পরিবেশ দুর্গন্ধময় না হয়।
ঈদের দিন অনেকেই ঈদের নামাজ শেষে কবরস্থানে গিয়ে স্বজনদের জন্য দোয়া করেন।
ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো যথাযথভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। এ উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

