বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শুরু হয় সকাল ৭টায়। এতে ইমাম করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আব্দুল হাদী।

বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদে ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। প্রথম জামাতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সকাল ৭টায় প্রথম জামাতের পর ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা দেওয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এরপর একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন।

ঈদের জামাত উপলক্ষে বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নামাজ পড়তে জাতীয় মসজিদে আসা মুসল্লিদের আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঢুকতে হয়েছে।

(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

সর্বশেষ নিউজ