জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার থেকে কেবল নাগরিকের পরিচয় যাচাই করার কথা থাকলেও পার্টনার সার্ভিসগুলো (সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো) চুক্তি ভঙ্গ করে নাগরিকের এনআইডি তথ্য নিজেদের কাছে সংরক্ষণ করে বা করার চেষ্টা করে। আর এ কারণেই এসব তথ্য ঝুঁকির মুখে পড়েছে।
রোববার এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বর্তমানে সরকারি-বেসরকারি ১৭১টি প্রতিষ্ঠান এনআইডি সার্ভার থেকে তথ্য যাচাই করে নাগরিকদের সেবা প্রদানে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ। এর মধ্যে মোবাইল অপারেটর, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি সেবামূলক প্রতিষ্ঠানও রয়েছে।
এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নিয়ে থাকে। আমাদের সার্ভারের তথ্যাবলির ওপর কোনো রকমের থ্রেড আসেনি। আমাদের সার্ভার থেকে কোনো রকম তথ্য যায়নি। তারপরও এই বিষয়ে কোনো ত্রুটি-বিচ্যুতি পেলে বা চুক্তিপত্রের বরখেলাপ হলে তা বাতিল করব। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেব।
ইসির এনআইডি অনুবিভাগের স্মার্টকার্ড প্রকল্পের পরিচালক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) স্কোয়াড্রন লিডার সাদ ওয়ায়েজ তানভীর বিষয়টির অধিকতর ব্যাখ্যা দিয়ে বলেন, আমাদের ডাটা সেন্টারের সিকিউরিটি ফিজিক্যাল এবং লজিক্যাল; বোথ সিকিউরিটি নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। টাইম টু টাইম আপডেট করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) বা সক আছে। সক কন্টিনিউয়াসলি মনিটর করে যে, আমার নেটওয়ার্কে এবং আমাদের সার্ভারে কী পরিমাণ হিট আসছে, কল আসছে এবং রিকোয়েস্ট আসছে। যদি কোনো অ্যাবনরমালিটি পাই, সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
সাদ ওয়ায়েজ তানভীর বলেন, আমাদের পার্টনার সার্ভিসের অন্তর্ভুক্ত প্রত্যেকে কিন্তু নাগরিক সেবা দিচ্ছে প্রতিদিন। পাঁচ মিনিটের জন্য যদি নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানের এই সেবা সার্ভিস বন্ধ করে দেওয়া হয়, এর ভুক্তভোগী হবে সাধারণ নাগরিক। কল আসতে থাকবে প্রচুর। তাই বন্ধ করে দেওয়ার সুযোগ নেই। আমাদের মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলতে পারব না। এজন্য সমাধানে যাব। এজন্য টেকনিক্যাল বিষয় প্রয়োগ করে আসছি।
ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, যে রিপোর্টটি এসেছে সেটা অনুযায়ী, যারা আমাদের সেবা নিচ্ছেন তার সিস্টেমটি হ্যাক হয়েছে। এনআইডি নম্বরটি সেই সিস্টেম থেকে নিচ্ছে। কিন্তু এনআইডির এগেইনস্টে যে তথ্যগুলো থাকে তা কিন্তু পাচ্ছে না। তারপরও বলছি যে, প্রতিনিয়ত আমরা অনুসন্ধান করে থাকি। ১৭১টি সেবাগ্রহীতা প্রতিষ্ঠানের মধ্যে কে কীভাবে সার্ভিসগুলো ইউজ করে থাকে, এর আগেও আমরা সেগুলো দেখেছি। যেগুলো আমাদের সন্দেহ হয়, সেগুলো আমরা সাময়িকভাবে বন্ধ করে থাকি। গতকাল থেকে আমরা বেশ তৎপর আছি। অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। কিছু আমাদের ডাউট লিস্টে এসেছে। আমরা অনুসন্ধান করছি।
দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোস দাবি করেন, বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে দেশের অনেক নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।
গত ২৭ জুন হঠাৎ করেই তিনি ফাঁস হওয়া তথ্যগুলো দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যে তিনি বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ সার্ট) সঙ্গে যোগাযোগ করেন। তার ভাষ্যমতে, বাংলাদেশের লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁস হয়েছে।
ইসির এনআইডি সার্ভারে বর্তমানে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জনের বেশি নাগরিকের তথ্য রয়েছে।
(এইদিনএইসময়/১০জুলাই/এলএ)

