শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার

spot_img
spot_img

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অভিযুক্তদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বর্বরতার সঙ্গে জড়িতদের বিচারের স্বার্থে শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত অভিযুক্তদের ফেরত দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে কার্যকর সম্পর্কের জন্য বিষয়টি ভারত সরকারের বিবেচনা করা উচিত।

উপদেষ্টা বলেন, ‘আমরা শেখ হাসিনাকেই চাইছি, আমরা ওবায়দুল কাদেরসহ অন্যদেরকে চাইব না কেন?’ তিনি জানান, বিভিন্ন দেশে অবস্থানরত যেসব অভিযুক্তের বিষয়ে বাংলাদেশ অবগত, সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তাদেরও ফেরত চাওয়া হবে।

জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ শুধু জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নয়; দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের বর্বরতার অভিযোগ রয়েছে। বিদেশে অবস্থান করে অভিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সরকার এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

সর্বশেষ নিউজ