শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। এর সঙ্গে ২২ অক্টোবর, বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ কাটানো যাবে।
অর্থাৎ ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে। নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে তারা এ ছুটি নিতে পারবেন।
এ বছর ১০ অক্টোবর, শনিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

