জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে তিনটি মেট্রোরেল প্রকল্প রয়েছে।
একনেকের কার্যতালিকায় থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে এমআরটি লাইন-৫ সাউদার্ন। গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। তবে প্রকল্পটি আজই অনুমোদন পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল রুটে ১৫টি স্টেশন থাকবে। এর মধ্যে ১১টি পাতাল ও চারটি উড়াল স্টেশন। গাবতলী থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদ গেট, কাওরান বাজার, তেজগাঁও ও হাতিরঝিল হয়ে দাশেরকান্দি পর্যন্ত যাবে এই রুট।
সভায় অন্যান্য উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
