ভিয়েতনামের ভিসা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির।
বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রদূত এবং ভিয়েতনাম সফরের আমন্ত্রণ পৌঁছে দেন। বিনিময়ে রাষ্ট্রপতি ভিয়েতনামের প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে নিজের ভিয়েতনাম সফরের স্মৃতি স্মরণ করেন।
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বাণিজ্য ভারসাম্যপূর্ণ করতে বাংলাদেশে তৈরি ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল ও পাটপণ্য ভিয়েতনামে রপ্তানির সুযোগ বাড়ানো প্রয়োজন।
অন্যদিকে, রাষ্ট্রদূত কুঅং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রপতি সফল কর্মকালের জন্য বিদায়ী দূতকে ধন্যবাদ জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও ভিয়েতনামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
