দেশীয় উৎসে গ্যাস বাড়ানোর উদ্যোগ, উৎপাদনে যাচ্ছে তিতাস-২৮

Published on

spot_img

নতুন কূপগুলোর উৎপাদন শুরু হলে আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় উৎসের সরবরাহ বাড়ানোর আশা

দেশের গ্যাস সরবরাহ বাড়াতে নতুন কূপ থেকে উৎপাদন শুরু করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। শনিবার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। একই সঙ্গে আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও চারটি কূপ থেকে সর্বোচ্চ প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে সংশ্লিষ্টরা।

বিজিএফসিএলের কর্মকর্তারা জানান, তিতাস-২৮, ২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ-১১ নম্বর কূপের খনন ও উন্নয়নকাজ চলছে। এর মধ্যে তিতাস-২৮-এর খননকাজ শেষ হয়েছে প্রায় এক মাস আগে। প্রায় ১৩ হাজার ফুট গভীর এ কূপ উদ্বোধনের পরই জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে।

প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে তিতাস-২৮, ২৯, ৩০ ও কামতা-২ নম্বর কূপ খননের প্রকল্প নেওয়া হয়েছে। তিতাস-২৯-এর মূল খনন শেষ হলেও বর্তমানে লগিংসহ আনুষঙ্গিক কাজ চলছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এটি উৎপাদনের জন্য প্রস্তুত হতে পারে। এ কূপ থেকে দৈনিক ১০-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিতাস-৩০ নম্বর কূপের কাজও আগামী তিন থেকে চার মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। কূপটি থেকে দৈনিক আরও ১০-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে।

এদিকে তিতাস-৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়েছে চলতি বছরের ১৯ এপ্রিল। ইতোমধ্যে এর গভীরতা প্রায় ৪ হাজার ৯২০ মিটারে পৌঁছেছে। লক্ষ্যমাত্রা ৫ হাজার ৬০০ মিটার। ভূতাত্ত্বিক জটিলতা না হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ হতে পারে। সফল হলে কূপটি থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিতাস-৩১-এর পর বাখরাবাদ-১১ নম্বর গভীর কূপ খননের পরিকল্পনা রয়েছে। প্রায় ৪ হাজার ৫০০ মিটার গভীর এ কূপ সফল হলে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সম্ভাবনা রয়েছে।

হিসাব অনুযায়ী, তিতাস-২৯, ৩০ ও ৩১ থেকে সর্বোচ্চ প্রায় ৪৫ মিলিয়ন এবং বাখরাবাদ-১১ থেকে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। তিতাস-২৮-এর সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট যোগ হলে পাঁচটি কূপ থেকে সর্বোচ্চ প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিতাস-৩১ অনুসন্ধানমূলক কূপ হওয়ায় নতুন গ্যাস মজুতের সন্ধান পাওয়ারও সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, এখানে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট অতিরিক্ত মজুত থাকতে পারে। তবে খনন ও বিভিন্ন স্তরের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ মজুদের পরিমাণ নিশ্চিত নয়।

সর্বশেষ

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমছে মামলার চাপ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে।...

স্বর্ণের দাম বাড়ল, ভরিতে নতুন রেকর্ড

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে...

তৃণমূলের নাম-প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টে মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক...