সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে। বিচারিক শৃঙ্খলা নিশ্চিত করা গেলে এবং ব্যক্তিস্বার্থ বা ব্যক্তিগত বিরোধের বিষয় নিয়ে করা রিট কমানো গেলে মামলার চাপ আরও কমবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে হাইকোর্টে বিচারাধীন রিট মামলার সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৯৬০টি। বছরের প্রথম তিন মাসে নতুন রিট হয় ৪ হাজার ১১২টি, নিষ্পত্তি হয় ২ হাজার ২১৩টি।
এপ্রিল থেকে জুন পর্যন্ত নতুন রিট মামলা হয় ৪ হাজার ৭২৯টি। বিপরীতে এ সময়ে নিষ্পত্তি হয় ৯ হাজার ৫৯০টি। ফলে জুন শেষে বিচারাধীন রিটের সংখ্যা কমে দাঁড়ায় ১ লাখ ২৪ হাজার ৯৯৯টিতে।
অ্যাটর্নি জেনারেল বলেন, অনেক সময় জনস্বার্থ মামলার নামে ব্যক্তিস্বার্থে রিট করা হয়। জমি দখল, সীমানা বা ব্যক্তিগত বিরোধের মতো বিষয়েও সরাসরি হাইকোর্টে রিট করা হচ্ছে, যা সাধারণত নিম্ন আদালতে নিষ্পত্তিযোগ্য।
তিনি বলেন, সংবিধানের ১১১ অনুচ্ছার অনুযায়ী আপিল বিভাগের রায় হাইকোর্টের জন্য বাধ্যতামূলক। বিচারিক শৃঙ্খলা নিশ্চিত করা গেলে রিট মামলার সংখ্যা আরও কমবে।
