প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন।
তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তার মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া।
জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সাধারণ পরিষদের কার্যক্রমে মোট পাঁচবার বক্তব্য দেন খালেদা জিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পাবে। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা ও জলবায়ু অর্থায়নের বিষয়ও ভাষণে স্থান পাবে।
এ ছাড়া রোহিঙ্গা সংকটকে সফরের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের জন্য এবারের অধিবেশনটি আরও তাৎপর্যপূর্ণ, কারণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

