রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।
তিনি জানান, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ককটেল বিস্ফোরণের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
মোল্লা মো. শাহীন বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায়ও আওয়ামী লীগের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
পুলিশের দাবি, এসব ঘটনায় রাজধানীতে আতঙ্ক সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল।

