জানাজা শেষে চিরনিদ্রায় অপ্রতিম, ছেলের হত্যার বিচার চেয়ে কাঁদলেন বাবা

কুমিল্লা প্রতিনিধি
spot_img
spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বাসার পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, সহপাঠী, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ১৩ বছর বয়সী এই শিশুর মৃত্যুতে পরিবার ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দাফনের পর কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমি শুধু আমার সন্তান হত্যার উপযুক্ত বিচার দেখতে চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এখনো আমার পূর্ণ আস্থা আছে।’

তিনি বলেন, সামান্য একটি আইফোনের জন্য ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে—এ কথা তিনি বিশ্বাস করতে পারছেন না। নিষ্পাপ ১৩ বছর বয়সী ছেলের হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর অপ্রতিম আর বাসায় ফেরেনি। পরে সদর দক্ষিণ থানায় জিডি করেন তার বাবা।

প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ নিউজ