জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটর থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।
এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়।
এনসিপি বলছে, জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই রাজধানীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

