জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকে এটিকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা, রাইড শেয়ারিং চালক ও পরিবহনসংশ্লিষ্টরা জানান, তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়ের পাশাপাশি নিত্যপণ্যের দামও বাড়বে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়বে।
সরকার নতুন করে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার নির্ধারণ করেছে। নতুন দাম সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম, ফ্রেইট ও বিমা ব্যয় বাড়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দাম সমন্বয় ছাড়া বিকল্প ছিল না। পরিস্থিতি স্বাভাবিক হলে মূল্য আবার কমানোর চেষ্টা করা হবে।

