দেশকে অস্থিতিশীল করতে ‘পরিকল্পিত নৈরাজ্য’ চালানোর প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে আয়োজিত মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ অংশ নেন।
এর আগে বিএনপি রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে দেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে চালানো ‘পরিকল্পিত কর্মকাণ্ড’ বলে অভিযোগ করেছে। রুহুল কবির রিজভীও সাম্প্রতিক বক্তব্যে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

