এসপি-ওসিকে ফেসবুকে সতর্কবার্তা সন্ত্রাসী রায়হানের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ মো. রায়হানকে গ্রেপ্তারে অভিযান চললেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট দিচ্ছেন তিনি। সর্বশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া এক পোস্টে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম ও রাউজান থানার ওসিকে সতর্ক করেন রায়হান।

পোস্টে তিনি দাবি করেন, তাঁকে ফাঁসাতে প্রতিপক্ষের একটি পক্ষ রাতে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করছে। তবে তাঁর এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

রায়হান আরও অভিযোগ করেন, তাঁর ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং রাউজানে গোয়েন্দা নজরদারি রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। র‍্যাবের দাবি, দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান এবং প্রযুক্তি ব্যবহার করে তিনি অবস্থান গোপন করছেন।

সর্বশেষ নিউজ