কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা।
চার দফা দাবির মধ্যে রয়েছে—৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্বের বিষয়টি খতিয়ে দেখা, বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার পর থেকে দাবিগুলো জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। গ্রেপ্তার আসামিদের বয়স নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা।
এর আগে রোববার সড়ক অবরোধ এবং সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

