সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলাটি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে এখন ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
এর আগে সোমবার আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাঁরা ডিবি হেফাজতে রয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বাবা মাসুম বিল্লাহ গাজী নজরুলসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।
সোমবার গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কবরস্থানে মরিয়মকে দাফন করা হয়।

