জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট, জ্বালানি ও আঞ্চলিক যোগাযোগ নিয়ে আলোচনা হয়।
স্পিকার বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের আরও কার্যকর ভূমিকা চান তিনি। পাশাপাশি ভোলাসহ উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে চীনা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীন সহযোগিতা করতে চায়। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন লজিস্টিক পণ্য উৎপাদনেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

