ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ জানান তিনি।
আইজিপি এ আগ্রহকে স্বাগত জানিয়ে দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া সাইবার নিরাপত্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে রাশিয়ার সহযোগিতা চান আইজিপি।
সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

