নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাস’ সেবায় প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা ভর্তুকি দিতে হচ্ছে। যাত্রীভাড়া থেকে পাওয়া আয় দিয়ে জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিচালন ব্যয় মেটানো যাচ্ছে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিআরটিসির তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরের ১২ কার্যদিবসে ১৫৮টি ট্রিপে ১৪ হাজার ১১৬টি টিকিট বিক্রি করে আয় হয়েছে ২ লাখ ২ হাজার ৮ টাকা। অথচ শুধু জ্বালানি ও রক্ষণাবেক্ষণেই ব্যয় হয়েছে আনুমানিক ৩ লাখ ৫২ হাজার থেকে ৪ লাখ ২৮ হাজার টাকা।
৬০ আসনের বাসে প্রতি ট্রিপে গড়ে প্রায় ২০টি আসন খালি থাকছে। বিআরটিসির ব্যবস্থাপক মো. নূর-ই-আলম জানিয়েছেন, একটি ট্রিপে অন্তত ১২০ জন যাত্রী পাওয়া গেলে আয়-ব্যয় সমান পর্যায়ে আসতে পারে।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩ রুটে ১৪টি গোলাপি বাস চলছে। শুক্রবার ও শনিবার সেবাটি বন্ধ থাকে।

