ধর্ষণের বিচার নেই, প্রধানমন্ত্রীকে গালি দিলেই বিচার: জাবের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশে ধর্ষণ, হত্যাকাণ্ড ও বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের বিচার হচ্ছে না, অথচ প্রধানমন্ত্রীকে গালি দিলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে—এমন অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাবের অভিযোগ করেন, মতপ্রকাশের কারণে মানহানি মামলার বদলে সন্ত্রাসী মামলা দেওয়া হচ্ছে, যা আইনের অপব্যবহার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকেও তিনি নাজুক বলে মন্তব্য করেন।

শিশু নিখোঁজ, কিশোর গ্যাং ও ধর্ষণের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, সরকারের সদিচ্ছা থাকলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।

জাবের আরও বলেন, আইন বা কারাগারের ভয় দেখিয়ে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা বন্ধ করা যায় না। সরকারের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

সর্বশেষ নিউজ