জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের সফর শেষে তিনি দুবাই হয়ে ঢাকার পথে রওনা হয়েছেন।
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।
ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাতে দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন তিনি।

