ওসি রাকিবুলের কললিস্টে সাবেক ডিবিপ্রধান হারুনসহ একাধিক পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানের ভাইরাল অডিওর সূত্র ধরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ ও পুলিশ কর্মকর্তা বিপ্লবের পর এবার রাকিবুলের সঙ্গে যোগাযোগ রক্ষা করা পুলিশের আরও একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের তথ্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
২৬ সেপ্টেম্বর (শনিবার) জানা যায়, অভিযুক্ত ওসির ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোনের কললিস্ট, খুদে বার্তা এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমের তথ্য গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে অডিওতে উল্লিখিত ওসি পদায়ন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা এবং শতকোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত বক্তব্যের উৎস ও সত্যতা যাচাইকে এখন তদন্তের মূল বিষয় হিসেবে দেখছেন কর্মকর্তারা।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভাইরাল হওয়া অডিওতে আইজির ড্রাইভার ও বিভিন্ন প্রভাবশালী কর্মকর্তার মাধ্যমে ওসি পদে তদবির ও বিপুল অর্থ উপার্জনের যে কথা এসেছে, তার সঙ্গে রাকিবুলের ব্যাংকিং লেনদেন ও ফোন কললিস্টের হিসাব মেলানো হচ্ছে। পাশাপাশি শেখ হাসিনার ফেরা এবং সেনাবাহিনী ও পুলিশকে নিয়ে উসকানিমূলক বক্তব্যের প্রেক্ষাপটও খতিয়ে দেখা হচ্ছে।
মামলার রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, অডিওটি প্রাথমিকভাবে রাকিবুলের কণ্ঠের বলেই নিশ্চিত হওয়া গেছে, যা রাষ্ট্রের স্থিতিশীলতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল। বর্তমানে তার যোগাযোগের বিস্তৃত তালিকা ধরে নতুন আর কারা এতে যুক্ত ছিলেন তা শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।

সর্বশেষ নিউজ