পুলিশের কোনো সদস্য যদি দায়িত্ব পালনে অবহেলা করেন কিংবা গোপনে পতিত ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করেন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থার পাশাপাশি কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২৬ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৯৮ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সরকার পুলিশকে শুধরে যাওয়ার এবং জনগণের আস্থা অর্জনের সুযোগ দিয়েছে। তবে পুলিশের কেউ কেউ এখনও মাঠে দায়িত্বে অবহেলা করছেন এবং গোপনে ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করছেন বলে সরকারের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে।
তিনি আরও জানান, জনগণ এখন আর পুলিশের মধ্যে ‘রাজা-বাদশার’ ভাব দেখতে চায় না, তারা একটি জনবান্ধব পুলিশ বাহিনী দেখতে চায়। জ্যেষ্ঠ কর্মকর্তাদের অস্বাভাবিক বা অগণতান্ত্রিক আচরণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার পরিণতি ভালো হবে না। সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

