রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।
ডিএমপি পুলিশ জানায়, জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন— এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ক্রাইম ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক সন্দেহভাজনকে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে, যাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।
অন্যদিকে, একই দিন দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরবর্তীতে গুলিস্তানের জাসদ কার্যালয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

